
কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ভিডি সতীশন। রাজ্যের গোটা মন্ত্রিসভাই শপথ নিয়েছে। সেখানে মুসলিম লিগের পাঁচ বিধায়ককে মন্ত্রিত্ব দিয়েছে কেরলের নতুন কংগ্রেস সরকার। এদিকে কেরলের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
কেন্দ্র সবরকমভাবে কেরল সরকারের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে কেরলে বিপুল জয় পেয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। কিন্তু প্রথম দিন থেকেই নানা ইস্যুতে দলের অন্দরে শুরু হয়েছে টানাপোড়েন। মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে ১০ দিন সময় লেগেছে কংগ্রেসের। এখানেই শেষ নয়, অভিযোগ উঠছে কংগ্রেসের অধিকাংশ সিদ্ধান্তই নাকি নিচ্ছে জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। নেতারাই অনেকে অভিযোগ করছেন, লিগের কাছে কংগ্রেস মাথা নত করছে।
২১ জনের মন্ত্রিসভায় উল্লেখযোগ্য উপস্থিতি পাঁচ মুসলিম লিগ বিধায়কের। তাঁরা কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটা অবশ্য স্পষ্ট নয়। অন্যদিকে বর্তমানে বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন কেরলের নতুন মুখ্যমন্ত্রীকে। প্রধানমন্ত্রী মোদির বার্তা, ভিডি সতীশনজিকে আমার আন্তরিক অভিনন্দন। মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য শুভেচ্ছা রইল। মানুষের আশাপূরণের জন্য কেরলের নতুন সরকারের পাশে সবসময় থাকবে কেন্দ্র সরকার।








