
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে নোটিস পাঠাল কলকাতা পুরসভা। পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই নোটিস দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সমস্ত সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদিত নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে বলা হয়েছে। হরিশ মুখার্জি রোড ও কালীঘাটে তাঁর ২ টি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিল্ডিং বিভাগের আইনের ৪০১ ধারায় নোটিসটি পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে সম্পত্তিগুলোয় নোটিসপাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে হরিশ মুখার্জি রোডের একটি বাড়ি। এছাড়াও কালীঘাট মোড়ের একটি বহুতল ভবনকেও নোটিস আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট সম্পত্তিগুলোর ক্ষেত্রে অনুমোদিত বিল্ডিং প্ল্যান মেনে নির্মাণকাজ হয়েছে কিনা তা যাচাই করতেই এই নোটিস পাঠানো হয়েছে। কোথাও অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত বা অবৈধ নির্মাণ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।
পাশাপাশি যদি কোনও অনিয়ম থেকে থাকে, সেক্ষেত্রে সেই নির্মাণ পরবর্তীকালে নিয়মিতকরণ বা রেগুলারাইজ করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত কলকাতা পুরসভার পরিচালনার দায়িত্ব এখনও তৃণমূলের হাতে। আর বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।







