
বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিনটি অনেক ফুটবলারের জন্য স্বপ্নপূরণের উপলক্ষ হলেও, কারও জন্য তা হয়ে ওঠে হতাশার। এবারও তার ব্যতিক্রম হয়নি ব্রাজিল দলে।
ইনজুরির কারণে আগেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে রদ্রিগো গোয়েসের। এসিএল চোটে পড়ে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। একই দুর্ভাগ্যের শিকার হয়েছেন এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ানও। তবে ইনজুরির বাইরে থেকেও এবারের স্কোয়াডে জায়গা হয়নি কয়েকজন আলোচিত ফুটবলারের। রিও ডি জেনিরোতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।সবচেয়ে বড় চমকের একটি ছিল জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির ফরোয়ার্ডকে আনচেলত্তি এর আগে তিনটি আন্তর্জাতিক উইন্ডোতে দলে রেখেছিলেন। চলতি সিজনে ক্লাবের হয়ে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে প্রিমিয়ার লিগে চেলসির সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। তবু শেষ পর্যন্ত জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।মার্চের ফিফা উইন্ডোতে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক হুগো সুজা ও বেন্তো ম্যাথিউস, ডিফেন্ডার কাইকি, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও গ্যাব্রিয়েল সারা। জায়গা হয়নি রিচার্লিসন, আন্দ্রে পেরেইরা এবং এন্টনিরও। মার্চে ইনজুরির কারণে কয়েকজন নিয়মিত ফুটবলার অনুপস্থিত থাকায় বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন হুগো সুজা ও কাইকি। আনচেলত্তির প্রাথমিক পরিকল্পনায় আন্দ্রে সান্তোস গুরুত্বপূর্ণ নাম হলেও, সাম্প্রতিক সময়ে ক্লাব পর্যায়ে প্রত্যাশা পূরণ করতে না পারায় শেষ পর্যন্ত জায়গা হারান তিনি। একইভাবে বাদ পড়েছেন জোয়াও পেদ্রোও। কোচের আস্থায় অন্যরা এগিয়ে থাকায় তাদের সুযোগ হয়নি।অন্যদিকে, দলে ফিরেছেন নেইমার জুনিয়র।
আক্রমণভাগে তার সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া।চমক হিসেবে জায়গা পেয়েছেন বোর্নমাউথের তরুণ ফরোয়ার্ড রায়ান এবং ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো।








