
দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার নোটিসে কৌশলী ফিরহাদ হাকিম। সরাসরি বলেছেন তিনি পলিসি মেকার।
তাই এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। এসব বিষয় সম্পূর্ণ বরো অ্যাডমিনিস্ট্রেশনের আওতায় আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত ১৭ টি সম্পত্তি বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস দিয়েছে কলকাতা পুরসভা। সোমবারই কালীঘাটে ডেকে মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষকে তীব্র ভর্ৎসনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা সেই প্রশ্নে অবশ্য ফিরহাদ হাকিম প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। এরইমধ্যে ওই বৈঠকে জাহাঙ্গির খানকে বহিষ্কারের দাবি তুলেছেন সদ্য নির্বাচিত তৃণমূলের তিন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, কুণাল ঘোষ।
পুননির্বাচনের আগে জাহাঙ্গির খানের ভোটের ময়দান ছেড়ে দেওয়াকে আগেই তৃণমূল নিজস্ব সিদ্ধান্ত বলে দাবি করেছে।




