
মহারাষ্ট্রের ছাত্রছাত্রীদের কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল রেণুকাই কেরিয়ার সেন্টার বা, আরসিসি। কেউ বলতেন, ডাক্তার তৈরির কারখানা, কেউ বা ডাকতেন মোটেগাঁওকর স্যারের ক্লাস।
কিন্তু ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এবার সিবিআইয়ের জালে ধরা পড়েছেন এই নামী কোচিং চেনের কর্ণধার শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর। লাতুরের শিবনগর এলাকার নিজের বিলাসবহুল আবাসন থেকেই তাঁকে গ্রেফতার করে ৯ দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী। নিট কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি।
তদন্তকারীরা জানিয়েছেন, মোটেগাঁওকর নিছক এক শিক্ষক নন, তিনি প্রশ্ন ফাঁসের এক সুসংগঠিত চক্র বা সিন্ডিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। সিবিআইয়ের দাবি, মোটেগাঁওকরের মোবাইল ফোনে পরীক্ষার পুরো প্রশ্নপত্র পাওয়া গিয়েছে। উল্লেখ্য, ৩ মে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, তাঁর কাছে প্রশ্নপত্রটি পৌঁছে গিয়েছিল ১০ দিন আগে, অর্থাৎ ২৩ এপ্রিল। ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, শিবরাজ রঘুনাথ মোটেগাঁওকর এই প্রশ্ন ও উত্তর একাধিক ব্যক্তির কাছে ছড়িয়ে দিয়েছিলেন।




