
চীনের রাজধানী বেজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শি জিনপিংকে আবারও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন পুতিন।
একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চীন সফর শেষ হওয়ার পরপরই বেজিং সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তাকে বহনকারী বিমান বেজিংয়ে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।চলতি বছরে এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। বুধবার সকালে শি চিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, দীর্ঘদিন ধরেই তিনি এই সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। জবাবে প্রেসিডেন্ট শি বলেছেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে দুই দেশের উচিত একে অপরকে সহযোগিতা করা। জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চীনের জন্য রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবেই থাকবে।
উল্লেখ্য পশ্চিমী নিষেধাজ্ঞার পর দু দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাত, আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে।পাশাপাশি ,পাওয়ার অব সাইবেরিয়া-২ গ্যাস পাইপলাইনের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।








