
৩৫ বছর আগে আত্মঘাতী হামলায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী। বাবার মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থলে গিয়ে কংগ্রেসের একাধিক নেতা শ্রদ্ধা জানান।
গান্ধী পরিবারের সদস্যরাও হাজির ছিলেন শ্রদ্ধাজ্ঞাপন করতে। দিল্লির বীর ভূমিতে গিয়ে বাবার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাহুল। সেই ছবি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে। একই সঙ্গে শেয়ার করেছেন অদেখা এক ছবি। সেখানে রাজীবের সঙ্গে দেখা যাচ্ছে বালক রাহুলকে। পাশাপাশি দু’টি ছবি পোস্ট করে কংগ্রেস সাংসদের বার্তা, বাবা, তুমি এক দক্ষ,সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত গড়ার স্বপ্ন দেখেছিলে। সেই স্বপ্নকে বাস্তব করার সমস্ত দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিলাম। তোমার শিক্ষা, মূল্যবোধ আর স্মৃতি আমার সঙ্গে সবসময়ে থাকবে। এদিকে রাহুল গান্ধীর পাশাপাশি সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তা দিয়ে রাজীবের উক্তি মনে করিয়ে দিয়েছেন খাড়গে। কংগ্রেসের তরফ থেকেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
অন্যদিকে, বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে শ্রদ্ধাজ্ঞাপন করে তিনি লিখেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে আমার শ্রদ্ধা জানাই। উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান রাজীব গান্ধী। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে কংগ্রেস প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজীব। সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন লিবারেশন টাইগারস অফ তামিল ইলম। এই ঘটনায় মোট সাতজনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত।







