গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ইবোলার গ্রাসে ৩ দেশ, হাই-অ্যালার্ট দিল্লি বিমানবন্দরে

    ইবোলার গ্রাসে ৩ দেশ, হাই-অ্যালার্ট দিল্লি বিমানবন্দরে

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    ইবোলা ভাইরাস ঘিরে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই সতর্ক হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ স্বাস্থ্য সতর্কতা জারি করে জানিয়েছে, যাঁরা ইবোলা আক্রান্ত দেশ থেকে আসছেন বা সে সব দেশের মাধ্যমে ভারতে পৌঁছচ্ছেন, তাঁদের বাড়তি নজরদারির আওতায় রাখা হবে।

    যাত্রীদেরও সতর্ক থাকার আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন স্বাস্থ্য পরিষেবা বিভাগের তরফে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ইবোলার সংক্রমণ ধরা পড়েছে। সেই কারণে ওই সব দেশ থেকে আসা যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কোনও যাত্রীর জ্বর, অতিরিক্ত দুর্বলতা, ক্লান্তি, মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি, ডায়রিয়া, গলা ব্যথা বা শরীরের কোথাও অস্বাভাবিক রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বিমানবন্দরের স্বাস্থ্য আধিকারিকদের জানাতে হবে।

    ইমিগ্রেশন পার হওয়ার আগেই স্বাস্থ্য ডেস্কে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, যাঁরা কোনও ভাবে ইবোলা আক্রান্ত বা সন্দেহভাজন রোগীর রক্ত বা শরীরের তরলের সংস্পর্শে এসেছেন, তাঁদেরও অবিলম্বে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আসতে বলা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ, ভারতে পৌঁছনোর পর ২১ দিনের মধ্যে কারও শরীরে এই ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যান এবং নিজের সাম্প্রতিক বিদেশ সফরের তথ্য জানান।