
ভোটাভুটিতে হারার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসে ইরান যুদ্ধ সম্পর্কিত একটি ভোট বাতিল করল শাসকদল রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই প্রস্তাব এনেছিলেন বিরোধী ডেমোক্র্যাট পার্টির হাউস মেম্বাররা।
সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে নিন্দাসূচক মন্তব্যও ছিল প্রস্তাবে। ভোট বাতিলের এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধীরা যৌথ বিবৃতিতে বলেন, রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস ট্রাম্প প্রশাসনের সম্পূর্ণ মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠানের মতো আচরণ করে চলেছে। রিপাবলিকানরা কাপুরুষের মতো একটি নির্ধারিত ওয়ার পাওয়ারস রেজোলিউশনের ভোট প্রত্যাহার করেছে — এমন একটি আইন, যা দ্বিদলীয় সমর্থনে পাশ হত এবং প্রেসিডেন্টকে পশ্চিম এশিয়ার সংঘাত শেষ করতে বাধ্য করত।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিল পেন্টাগন। মার্কিন আইন মেনে সামরিক পদক্ষেপের ৪৮ ঘণ্টার মধ্যে কংগ্রেসকে সে বিষয়ে অবহিত করা হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা ক্ষীণ হওয়ায় ট্রাম্প সরকার ইরানে নতুন করে হামলার প্রস্তুতি শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে।








