
ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ন্যাটো এখন আরো শক্তিশালী অবস্থানের দিকে এগোচ্ছে এবং ধীরে ধীরে শুধু আমেরিকার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।
রুটে বলেছেন, ইউরোপের সদস্য দেশগুলো যদি প্রতিরক্ষা খাতে আরো বেশি অর্থ ব্যয় করে, তাহলে আমেরিকা বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাবে। তিনি বলেছেন, এটি শুধু আমেরিকার সমান খরচ করার বিষয় নয়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও এটি প্রয়োজন। সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে যা যা দরকার, তা ন্যাটোর হাতে থাকতে হবে। উল্লেখ্য, সম্প্রতি ইরান যুদ্ধের সময় ন্যাটোর কয়েকটি সদস্য দেশের সমালোচনা করেছিল আমেরিকা।
অভিযোগ ছিল, কিছু দেশ তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এমন পরিস্থিতির মধ্যেই মার্ক রুটের এই বক্তব্য সামনে এলো। তবে রুটে বলেছেন, সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে দু’ পক্ষের মধ্যে যে চুক্তি রয়েছে, ইউরোপের মিত্র দেশগুলো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে। ইউরোপীয় দেশগুলো শুধু নিজেদের নিরাপত্তা নয়, আমেরিকাকেও সহযোগিতা করতে চায়। বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ইউরোপীয় মিত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে।







