
কালীঘাটে নিজের বাসভবনে দলনেত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকলেন না অন্তত একাধিক কাউন্সিলর। দেবাশিস কুমার, তারক সিং, বাপ্পাদিত্য দাশগুপ্ত, কাকলি সেন, অনিন্দ্যকিশোর রাউত, সুদর্শনা মুখোপাধ্যায় থেকে সদ্য বরোর চেয়ারপার্সন পদে ইস্তফা দেওয়া দেবলীনা বিশ্বাস।
১৩৭ জন কাউন্সিলরের মধ্যে এতজন কাউন্সিলরের অনুপস্থিতিতে ফের চর্চা শুরু হয়েছে। সোমবার মেয়র পারিষদদের বৈঠকেও গরহাজির ছিলেন দেবাশিস কমার, তারক সিং সহ ৪ মেয়র পারিষদ। বুধবার বিধানসভায় ধর্না কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ৪৬ জন তৃণমূল বিধায়ক। এবার একই পরিস্থিতি কাউন্সিলরদের বৈঠকেও। এরইমধ্যে বিজেপি কাউন্সিলর কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি দরজা খুলে দিলে মেয়র ফিরহাদ হাকিম বোর্ড বাঁচাতে পারবেন তো।
এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন কোনও পরিস্থিতিতে যেন কেউ পদত্যাগ না করেন। কারও বিরুদ্ধে মামলা হলে দল আইনি লড়াইয়ে পাশে থাকবে।




