
দীর্ঘ ১৪ বছর পরে আবার কলকাতায় এলেন আমেরিকার কোনও বিদেশ সচিব! শনিবার কলকাতা থেকেই ভারত সফর শুরু করলেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিদেশ সচিব মার্কো রুবিয়ো। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও।
প্রায় ঘণ্টা তিনেক শহরে ঘুরে তাঁরা দিল্লি চলে গিয়েছেন। রুবিয়োর চার দিনের ভারত সফরে চতুর্দেশীয় অক্ষ কোয়াডের বৈঠক-কর্মসূচি তো রয়েইছে। সেইসঙ্গে পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠক হতে পারে বলে খবর । আগামী ২৬ মে নয়াদিল্লিতে কোয়াডের বৈঠক।
ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্ব খর্ব করার উদ্দেশ্যেই এই অক্ষ তৈরি করেছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। সেই মতো বৈঠকে যোগ দিতে ভারতে একে একে আসবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোসিমিৎসু মোতেগি। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, শুধুমাত্র আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়াড বৈঠকই নয়, জয়শঙ্করের সঙ্গেও সংশ্লিষ্ট বিদেশমন্ত্রীরা আলাদাভাবে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁদের।





