
আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল প্রসাশন। এখন থেকে আমেরিকায় দেশটিতে অস্থায়ীভাবে অবস্থানরত বিদেশিদের স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে হলে নিজ দেশে ফিরে গিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নতুন এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। গতকাল মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সংস্থা ইউএসসিআইএস এক নতুন নির্দেশিকা প্রকাশ করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই নির্দেশনা অনুযায়ী আমেরিকায় অবস্থানরত কোনো বিদেশি যদি গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পেতে চান, তাহলে তাকে নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। জানা যাচ্ছে , অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে থাকা নানা ‘ফাঁকফোকর’ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে এতে অন্যান্য আবেদন দ্রুত নিষ্পত্তি করাও সহজ হবে বলে দাবি করেছে সংস্থাটি। তবে বিশেষ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে মানবাধিকার সংগঠন ও শরণার্থী সহায়তাকারী সংস্থাগুলো সংগঠনগুলো এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। শরণার্থী ও অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা এইচআইএএসের আশঙ্কা, মানবপাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত নারী কিংবা ঝুঁকিতে থাকা শিশুদের এমন দেশে ফেরত পাঠানো হতে পারে, যেখান থেকে তারা নিজেদের নিরাপত্তার জন্য পালিয়ে এসেছিল। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছিল, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে।








