
আমেরিকার সঙ্গে নতুন শান্তিচুক্তির মাধ্যমে ইরান সরকার আরো শক্তিশালী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। এটি দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
মার্কিন সিনেটর গ্রাহাম বলেছেন, যদি এমন ধারণা জন্ম নেয় যে ইরান ভবিষ্যতেও হরমুজ প্রণালিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম থাকবে এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার সক্ষমতা ধরে রাখবে, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসবে। এ ছাড়া তিনি সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি করা হলে যা দেশটিকে ভবিষ্যতে আরো শক্তিশালী হতে সুযোগ দেবে। এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন সংকট তৈরি করবে।
সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে তিনি এসব দাবি করেছেন।লিন্ডসে গ্রাহাম বলেছেন, যদি মধ্যপ্রাচ্যে এমন ধারণা তৈরি হয় যে আমেরিকার সঙ্গে চুক্তির মাধ্যমে ইরান সরকার আরো শক্তিশালী হয়ে টিকে থাকার সুযোগ পাচ্ছে, তাহলে লেবানন ও ইরাকের সংঘাত আরো তীব্র হবে। এতে লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের শিয়া মিলিশিয়ারা আরো শক্তিশালী হয়ে উঠবে। তিনি প্রশ্ন তোলেন, যদি শেষ পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতা ও হরমুজে প্রভাব অক্ষুণ্নই থাকে, তাহলে এই সংঘাত শুরুর প্রয়োজনীয়তা কোথায় ছিল?








