
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানসহ সাতটি মুসলিম দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরশাহী, জর্ডান ও পাকিস্তানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে খবর। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সৌদি আরবের যুবরাজ, সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট, কাতারের আমির, প্রধানমন্ত্রী ও বোর্ড অফ পিস-এর একজন মন্ত্রী, এবং জর্ডান ও বাহরাইনের রাজার সঙ্গে তার একটি খুব ভালো আলোচনা হয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপটিও খুব ভালোভাবে হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মুসলিম নেতারা ট্রাম্পকে ইরানের দিক থেকে আসা যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে সম্মত হতে উৎসাহিত করেছেন। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে একটি অত্যন্ত দরকারি ও ফলপ্রসূ আলোচনা করেছেন। উল্লেখ্য, ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরও স্থবির হয়ে পড়া ইরান-ওয়াশিংটনের যুদ্ধ বন্ধের প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান।








