
রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘ চার সপ্তাহব্যাপী নিবিড় আলোচনার পরও পরমাণু অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণের বিশ্বজুড়ে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ এই সম্মেলন ব্যর্থ হয়েছে বলে সম্মেলনের সভাপতি ভিয়েতনামের দো হুং ভিয়েত বলেছেন, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, আমার ধারণা হচ্ছে সম্মেলনটি এর মূল কাজের বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেছেন, আমি প্রস্তাবটি গ্রহণের জন্য উপস্থাপন করার কোনো ইচ্ছা রাখি না। উল্লেখ্য নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কার মধ্যে আলোচকরা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মূল ভিত্তি হিসেবে পরিচিত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, এনপিটি পর্যালোচনা করেন। এর আগে ২০১৫ ও ২০২২ সালের পর্যালোচনাগুলোও ব্যর্থ হয়েছিল।
এদিকে কম প্রত্যাশার মধ্যে অংশগ্রহণকারীরা এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেন, যা বারবার সংশোধন করে দুর্বল করা হয়েছিল। শেষ পর্যন্ত তারা সেই চূড়ান্ত খসড়াটিও গ্রহণ করতে ব্যর্থ হন। বিশেষজ্ঞরা বলছেন, টানা তৃতীয়বারের মতো পুনর্মূল্যায়ন সম্মেলন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলেও চুক্তিটি এখনও কার্যকর থাকছে, তবে এর গ্রহণযোগ্যতা বা বৈধতা কিছুটা কমে গেছে। আন্তর্জাতিক সংকট গোষ্ঠীর বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেছেন, বর্তমান সংঘাত ও অস্ত্র বিস্তারের বাস্তবতার সঙ্গে আলোচনার প্রস্তাবিত নথির সংযোগ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।








