
সোমবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে অন্যরকম ব্যস্ততা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার কর্মসূচিতে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন শয়ে শয়ে মানুষ। এছাড়া ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন।
তবে দরবারে সবথেকে বেশি নজর কেড়েছে চাকরিহারা এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের ভিড়। মোট ১৫টি চাকরিপ্রার্থী সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের ক্ষোভ ও দাবিদাওয়া জানাতে। নিয়োগ দুর্নীতি মামলার জেরে রাজ্যে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ এখন অথৈ জলে। সল্টলেকের দলীয় কার্যালয়ে একে একে সকলের অভাব-অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই দেখা গিয়েছে ২০১৬ সালের প্যানেলের বঞ্চিত শিক্ষক ও চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের। তিনি আর বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী ঔধত্ব দেখিয়েছেন। মত যুবকদের অবজ্ঞা করার পরিণাম তিনি দেখেছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও গুরুতর অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর দরবারে।
কারিগরি শিক্ষার চাকরিপ্রার্থীরা ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতির কারণে গত ১৫ বছর ধরে কোনও নিয়োগ হয়নি। অবিলম্বে এই ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করা দরকার। শুধু শিক্ষক বা চাকরিপ্রার্থীরাই নন, জনতার দরবারে অভাব-অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষও।





