
স্মার্টফোন বাজারে আসার আগেই বড় ধরনের কেলেঙ্কারির মুখে পড়েছে ট্রাম্প মোবাইল। এবার কোম্পানিটির বিরুদ্ধে গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে।
কোম্পানিটি নিজেই স্বীকার করেছে, তাদের গ্রাহকদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা ও ইমেইলসহ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস হয়েছে। তারা এ নিয়ে তদন্ত শুরু করেছে।৪৯৯ ডলার মূল্যের এ ফোনটি কিনে যারা এরইমধ্যে প্রতারণার শিকার বোধ করছিলেন নতুন এ তথ্য ফাঁসের ঘটনা তাদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।ট্রাম্প মোবাইল টি ওয়ান নামের স্মার্টফোনটি থেকে ইন্টারনেটে ফাঁস হওয়া গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের ফোন নম্বর, বাড়ির ঠিকানা, ইমেইল আইডিসহ আরও অনেক কিছু।ট্রাম্প মোবাইলের একজন মুখপাত্র বলেছেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক লেনদেনের তথ্য নেই, যা কিছুটা স্বস্তির।তবে সাধারণ গ্রাহকরা যখন নিজেরাই ইন্টারনেটে নিজেদের ব্যক্তিগত তথ্য খুঁজে পেতে শুরু করেন তখনই কেবল এ সত্য স্বীকার করেছে কোম্পানিটি। ফলে সতর্কতা হিসেবে এখনই এ ফোনের গ্রাহকদের তাদের ব্যাংকের বিভিন্ন পাসওয়ার্ড বদলে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এদিকে ট্রাম্প মোবাইল তথ্য ফাঁসের বিষয়টি স্বীকার করলেও কোম্পানিটি এখনও সরাসরি তাদের গ্রাহকদের এ বিষয়ে কিছুই জানায়নি। ৫০০ ডলার খরচ করে যারা ফোনটি কিনেছেন তারা একটি সতর্কবার্তা বা নোটিফিকেশন ইমেইল পাওয়ার যোগ্য কি না সে প্রশ্নই উঠেছে।
অন্যদিকে,কোম্পানির মুখপাত্র ক্রিস ওয়াকার এ তথ্য ফাঁসের জন্য এক থার্ড-পার্টি প্ল্যাটফর্ম সরবরাহকারীকে দায়ী করেছেন। তাদের দাবি, প্লাটফর্মটি নাকি ট্রাম্প মোবাইলের কিছু কার্যক্রম পরিচালনা করে। তবে সেই সরবরাহকারী কোম্পানির নামও প্রকাশ করেনি তারা।








