
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে বোকা বলা হলে সেটিই সবচেয়ে বেশি বিরক্ত করে। তবে তাকে মেধাবী স্বৈরশাসক বা, একনায়ক বলা হলে তার আপত্তি নেই।
নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে এক বক্তব্যে ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সমালোচকেরা তাকে ডাম্ব বা বোকা বলায় তিনি এতটাই বিরক্ত হন যে, নিজের মানসিক সক্ষমতা প্রমাণ করতে চিকিৎসকের কাছে পরীক্ষা দেওয়ার উপায় জানতে চান।তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট থাকাকালে তিনি তিন বার কগনিটিভ টেস্ট দিয়েছেন এবং প্রতিবারই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।
বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি সবচেয়ে বুদ্ধিমান মানুষদের একজন। একজন স্মার্ট প্রেসিডেন্ট কি দেশের জন্য ভালো নয়? এরপর তিনি চিকিৎসকের সঙ্গে কথোপকথনের একটি অংশ তুলে ধরে বলেছেন, তিনি ডাক্তারকে বলেছেন, তাঁকে মেধাবী স্বৈরশাসক বলা হলে তাঁর আপত্তি নেই, কিন্তু তাঁকে বোকা বলা সহ্য করতে পারেন না। মূলতঃ দ্রব্যমূল্য ও অর্থনীতি নিয়ে আয়োজিত ওই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই নিজের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্কের প্রসঙ্গ তোলেন। তিনি বলেছেন, কগনিটিভ পরীক্ষার শুরু সহজ হলেও শেষের দিকের প্রশ্নগুলো বেশ কঠিন হয়।





