
অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স বিজেপির। রাজ্য সরকারের নির্দেশের পরেই সোমবার থেকে মালদায় চালু হয়ে গিয়েছে হোল্ডিং সেন্টার। ইতিমধ্যেই নয় বাংলাদেশিকে ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
তাঁদের মধ্যে রয়েছেন ৩ মহিলা-সহ ৬ জন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বরাষ্ট্র দফতরের তরফে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সোমবার সকালেই মুর্শিদাবাদে তিন বাংলাদেশিকে বন্দি রাখার খবর পাওয়া গিয়েছিল। লালগোলার পদ্মাভবনের তিনতলায় যে হোল্ডিং সেন্টারটি গড়ে উঠেছে, সেখানে রয়েছেন ৩ জন বাংলাদেশি পুরুষ। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে বিস্তারিত পরিচয় বা অন্য কোনও তথ্য এখনও জানা যায়নি। মালদহের হোল্ডিং সেন্টারে ৯ জনের থাকার খবরে এখনও পর্যন্ত মোট ১২ জন বাংলাদেশিকে বন্দি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, জেলাশাসকের দফতর সংলগ্ন এলাকায় হোল্ডিং সেন্টার করা হবে। যাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের এখানে এনে রাখা হবে। ধীরে ধীরে তাঁদের ডিপোর্টে করার ব্যবস্থা করা হবে।







