
সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই মুখরিত হয়ে উঠেছে মক্কার আকাশ-বাতাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় সমবেত হচ্ছেন।
সোমবার দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর এই প্রক্রিয়া চলবে। খবর সৌদি গেজেটের। জোহর থেকে পরদিন ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করে মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত।
এই দিনটিকে ইয়াওমুত তারভিয়া বলা হয়। এর মাধ্যমে শুরু হয় ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তবে সৌদি হজ কর্তৃপক্ষের বিধান মেনে মিনায় পৌঁছেন হাজিরা। মিনায় রাত্রিযাপন শেষে আরাফাতের উদ্দেশে রওনা হবেন তারা। হাজিগণ সেখানে একসঙ্গে নামাজ আদায় করবেন। এর আগে মসজিদ নামিরা থেকে এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা সূর্যাস্ত পর্যন্ত সেখানেই অবস্থান করবেন হাজিরা। মনে করা হচ্ছে এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনুমানিক ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন।







