
উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য মণিপুরে জাতিগত দাঙ্গা থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের পাশাপাশি সমান্তরালভাবে চলেছে আর এক যুদ্ধ, তথ্য যুদ্ধ। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ভুয়ো খবর, বিকৃত ভিডিও এবং উস্কানিমূলক বার্তার মাধ্যমে নতুন করে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে বারবার।
এবার সেই সাইবার অপরাধীদের বিরুদ্ধেই এক বিরাট সাফল্যের খতিয়ান সামনে আনল মণিপুর পুলিশ। মণিপুরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব সিং জানিয়েছেন, ২০২৩ সালের মে মাসে রাজ্যে প্রথম হিংসা ছড়ানোর পর, ঠিক তার পরের মাস অর্থাৎ জুন ২০২৩ থেকে শুরু করে এ যাবৎ মোট ৫ হাজার ৪০৬টি অত্যন্ত স্পর্শকাতর, হিংসাত্মক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্ট চিহ্নিত করেছে পুলিশ।
যার মধ্যে প্রায় ৩ হাজার ২০০টি পোস্ট ইতিমধ্যেই পুরোপুরি মুছে ফেলা হয়েছে এবং এই ধরনের উস্কানি ছড়ানোর অভিযোগে ১৮৭টি পেজ ও প্রোফাইল সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে। মণিপুরের ডিজিপি স্পষ্ট করে দিয়েছেন যে, এই বিশাল সাইবার ক্র্যাকডাউনটি চালানো হয়েছে একযোগে দিল্লির সহযোগিতা নিয়ে। ডিজিপি রাজীব সিংয়ের কথায়, মণিপুরে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর তথ্যের ওপর নজরদারি ও সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি ছিল। তবে শুধু শাস্তিমূলক পদক্ষেপই নয়, মণিপুর পুলিশ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পরিধিও বাড়িয়েছে।







