
রাজ্যে একশো দিনের কাজ অর্থাৎ ভিবি জি-রামজি প্রকল্প দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলায় ১০০ দিনের কাজ শীঘ্রই শুরু হবে। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলা থেকে এর আগের সরকারের সময় সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল ১০০ দিনের কাজ নিয়ে। এই দুই জেলা বাদে বাকি জেলাগুলিতে ১০০ দিনের কাজ শুরু করতে বলা হয়েছে। সেই অভিযোগের তদন্ত ও খতিয়ে দেখার কাজ চলায় আপাতত ওই দুই জেলায় ওই প্রকল্প চালু করা হচ্ছে না। এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল পূর্বতন সরকারের আমলে। অভিযোগ ওঠায় এই প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে কেন্দ্রীয় সরকার।
এদিকে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। আগামী ১১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠক।






