
স্বস্তির শ্বাস ফেলতে পারেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও বিশ্বজুড়ে অগুনতি সমর্থকেরা। লিওনেল মেসির চোট গুরুতর কিছু নয়। ইন্টার মায়ামি জানিয়েছে, মূলত পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তিতে ভুগছেন তাদের অধিনায়ক।তার মাঠে ফেরার সম্ভাব্য সময় এখনও চূড়ান্ত হয়নি।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলিতেও তিনি খেলতে পারবেন। এর আগে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। একটি ফ্রি কিক নেওয়ার পর তিনি বাঁ উরুর পেশি হাত দিয়ে চেপে ধরেন। পরের কিছুটা সময় তিনি ঠিকমতো দৌড়াতে পারছিলে না। এক পর্যায়ে বদলির ইশারা করেন এবং মাঠ থেকে উঠে যান।বিশ্বকাপ যখন দুয়ারে দাঁড়িয়ে, মেসির এভাবে মাঠ ছেড়ে যাওয়া তখন আশঙ্কার চোরাস্রোত বইয়ে দিয়েছিল বিশ্বজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে।তবে তাদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে ইন্টার মায়ামির বিবৃতি।এই সমস্যার কারণে মেসিকে কোনো ম্যাচ বাইরে থাকতে হবে কি না, তা নিশ্চিত নয় এখনও। বিশ্বকাপের জন্য মেজর লিগ সকারে এখন দুই মাসের বিরতি।ক্লাবের কোনো ম্যাচ তাই তাকে মাঠের বাইরে থাকতে হচ্ছে না। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচেও তিনি নিশ্চিতভাবেই খেলবেন, যদি নতুন করে কোনো সমস্যা না হয়।বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে বা মূলত প্রস্তুতি ম্যাচে ৭ জুন ভোরে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, তিন দিন পর ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে।
এই ম্যাচগুলোতে মেসি খেলবেন কি না, সেটিই এখন দেখার ব্যাপার। খবরে অবশ্য ইতিবাচক বার্তাই পাওয়া যাচ্ছে ৩৮ বছর বয়সী তারকা লিওনেল মেসিকে নিয়ে।
