
কেরলমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড সংক্রান্ত এক দুর্নীতি মামলার সূত্র ধরেই এই তল্লাশি। ওই মামলায় জড়িত বিজয়নের কন্যা।
শুধু বিজয়নের বাড়ি নয়, এই মামলায় কেরলম জু়ড়ে আরও ন’জয়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। ইডি কর্তাদের উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং বিজয়নের কন্যা টি বীণার সংস্থা এক্সালজিক সলিউশনস প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের অংশ হিসাবে এই তল্লাশি অভিযান।
ঘুষ এবং অর্থপাচারের অভিযোগের তদন্তের আওতায় শিল্প রাসায়নিক উৎপাদনকারী কেরলম -ভিত্তিক সংস্থা কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড। যদিও এই মামলায় সরাসরি পিনারাই বিজয়নের নাম অভিযুক্ত হিসাবে উল্লেখ নেই।




