
ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই বড় অঘটন ঘটেছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর দানিল মেদভেদেভ। একই সঙ্গে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেছেন প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারিন সিলিচ।পুরুষদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই মেদভেদেভের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় অ্যাডাম ওয়ালটন।
বিশ্বের ৯৭ নম্বর খেলোয়াড়ের কাছে তিনি হেরে যান ২-৬, ৬-১, ১-৬, ৬-১, ৪-৬ ব্যবধানে। প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে ধারাবাহিকতার অভাবেই হার মানতে হয় প্রাক্তন নাম্বার ওয়ানকে।ম্যাচে মেদভেদেভ এস সার্ভিসের পাশাপাশি একাধিক ডাবল ফল্ট করেছেন।প্রথম সার্ভিসেও ভুগেছেন তিনি। প্রতিপক্ষের চেয়ে বেশি পয়েন্ট জিতলেও একের পর এক আনফোর্সড এররে ম্যাচ হাতছাড়া করেন রাশিয়ান তারকা। এদিকে,পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন স্টেফানোস চিচিপাস।
গ্রিক তারকার ম্যাচে তার প্রতিপক্ষ ফ্রান্সের আলেক্সান্দার মুলার ৬-২, ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকাকালীন ম্যাচ ছেড়ে দেন। অন্যদিকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন মারিন সিলিচ। ফ্রান্সের অবাছাই খেলোয়াড় মোইস কুয়ামে তাকে হারান ৭-৬ (৭-৪), ৬-২, ৬-১ ব্যবধানে।






