গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata লক্ষ্মীর ভাণ্ডারে বেনোজল, তাই অন্নপূর্ণায় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী

    লক্ষ্মীর ভাণ্ডারে বেনোজল, তাই অন্নপূর্ণায় তথ্য যাচাই : মুখ্যমন্ত্রী

    0
    10
    ছবি সৌজন্যে :ফেসবুক

    অন্নপূর্ণা যোজনার সুবিধে পেতে ফর্ম সবাইকে পূরণ করতে হবে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    কারা এই প্রকল্পের সুবিধে পাবেন, কারা পাবেন না তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লাখ লাখ বেনোজল মিশে রয়েছে। রাকিবুল নামে এক ব্যক্তির নামে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন। এধরণের বেনোজল বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। এই ফর্মের মাধ্যমেও রাজ্যবাসীর পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকার সংগ্রহ করছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ফর্ম পূরণের জন্য তাড়াহুড়ো নয়। পয়লা জুন থেকে ৩ মাস ধরে প্রক্রিয়া চলবে। যতদিন অন্নপূর্ণা যোজনা শুরু না হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। যাঁরা নতুন প্রকল্পের অধীনে ঢুকে যাবেন তাঁদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। ২ জুনের মধ্যে যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে নিতে পারবেন, তাঁরা জুন মাস থেকেই টাকা পাবেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলারা এর সুবিধে পাবেন। যাঁরা আয়কর দেন, যাঁরা সরকারি চাকরি করেন, নিয়মিত বেতন বা পেনশন পান তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়া বাকি সবাই এই টাকা পাবেন। প্রতি সপ্তাহে কত নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়েছে তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন। রাজ্য সরকারের ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। অনলাইন এবং অফলাইনে ফর্ম পূরণ করা যাবে। যাঁরা পারবেন না, সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপে সহযোগিতা করবেন। এছাড়া ১৫, ১৬, ১৭ তারিখ জনকল্যাণ শিবির আয়োজিত হবে।

    সেখানেও ফর্ম পূরণ করা যাবে। সিএএ-তে যাঁরা আবেদন করেছেন তাঁরা সুবিধে পাবেন। যাদের এসআইআর-এ নাম বাদ গিয়েছে বা ট্রাইবুনালে আবেদন করেছেন তাদের আপাতত ব্যতিক্রম হিসেবে তালিকায় রাখা হয়েছে।