
তৃণমূলের দুই সাংসদের দ্বন্দ্ব আরও বেড়েছে। এবার লোকসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালিগালাজ, অভব্য আচরণের অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
স্পিকারকে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন, লোকসভায় তাঁর উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি, বাজারে ভেসে থাকার চেষ্টা করছেন কাকলি ঘোষ দস্তিদার। লোকসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য, যিনি তাকে বারবার লোকসভার ভেতরে মৌখিক ভাবে অপমান করেছেন। শুধু তাঁকেই নয়, একাধিক মহিলা সাংসদকে অপমান করেছেন বলেও ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।








