
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মায়াপুর ইস্কন মন্দিরে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন ইসকনের সন্ন্যাসীরা।
ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে বৃহস্পতিবার সকালে মায়াপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি রওনা দেন মায়াপুরের উদ্দেশে। সকাল ১১টা নাগাদ তাঁর হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় সেরে তিনি সোজা পৌঁছে যান ইস্কনের গো-শালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী। গো-শালায় গোমাতার সেবা এবং গোমাতাকে খাওয়ানোর কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু-র। এই কর্মসূচি শেষে মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে গিয়েছেন তিনি। সেখানেও বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর ইস্কন সফর ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
মুখ্যমন্ত্রী ইস্কনে পৌঁছোনোর আগে থেকেই সেখানে দৃশ্যত উৎসবের মেজাজ দেখা যায়। কীর্তনের তালে তালে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয় ইস্কনে।








