
আমেরিকার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় জোর প্রস্তুতি নিচ্ছে কিউবা। সামরিক আগ্রাসন থেকে সুরক্ষায় পারিবারিক নির্দেশিকা নামে আদেশ জারি করেছে দেশটি। সব মানুষের যুদ্ধ নামে প্রতিরক্ষা মতবাদের ওপর ভিত্তি করে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে।
এদিকে, ভেনেজুয়েলার তুলনায় কিউবার সেনাবাহিনী অধিক প্রশিক্ষিত এবং উন্নত সরঞ্জামে সজ্জিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিনবাহিনী কয়েক ঘণ্টার এক অভিযানে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যায়। এক্ষেত্রে শক্ত কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদেরকে। অন্যদিকে, দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে কিউবার ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। জ্বালানি অবরোধ কার্যকরের মাধ্যমে দেশটির অর্থনীতিকে রীতিমতো পঙ্গু করে দিয়েছেন।
এ ছাড়া, সম্প্রতি কিউবার চারপাশে সামরিক উপস্থিতিও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, চীন ও রাশিয়ার সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্কের কারণে কিউবা আমেরিকার জন্য গুরুতর জাতীয় নিরাপত্তা হুমকি। এই প্রেক্ষাপটে আমেরিকার সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে কিউবা সরকার। মার্কিন সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে পারিবারিক নির্দেশিকা নামের একটি আদেশ জারি করেছে দেশটি। নির্দেশিকায় সম্ভাব্য মার্কিন হামলা মোকাবেলায় পরিবারগুলোর করণীয়গুলো উল্লেখ করার পাশাপাশি বিভিন্ন সুরক্ষা প্রণালী তালিকাভুক্ত করা হয়েছে।








