
গীতার বাণী গ্রহণ করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে এই প্রার্থনাই করেছেন তিনি।
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তাঁর ইসকনে আসার ইচ্ছা ছিল। সেই মতো বৃহস্পতিবার তিনি মায়াপুরের ইসকন মন্দিরে এসে প্রথমে গোশালায় পুজো করেন। এরপর গো-সেবার পর চন্দ্রোদয় মন্দিরে আসেন তিনি। সেখানে রাধামাধব ও প্রভুপাদর দর্শন করে পুজো সারেন মুখ্যমন্ত্রী। পুজো ও আরতির পর সাষ্টাঙ্গে প্রণামও করেন শুভেন্দু অধিকারী। পুজো শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছেন, দায়িত্ব নেওয়ার পর কালীঘাট, বেলুড় মঠ, জৈন মন্দির, লক্ষ্মী নারায়রণ মন্দিরে গিয়েছেন। ইসকনে এসে রাধামাধবের দর্শন, গোমাতার সেবা, চৈতন্যদেবকে স্মরণ, কীর্তন-ভজন শোনার ইচ্ছা ছিল। গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারেন, পশ্চিমবঙ্গে যাতে আগের মতো হৃত গৌরব ফিরতে পারে সেই প্রার্থণা নিয়ে এসেছিলেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দোলপূর্ণিমা, জন্মাষ্ঠমী ও জগন্নাথদেবের রথযাত্রার সময় অর্থাৎ বছরে তিনবার তিনি রাধামাধবের অভিষেক করেন।






