
কর্নাটক থেকে রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ ছাড়াও কংগ্রেসের দুই প্রার্থী, এআইসিসির সম্পাদক মনসুর আলি খান ও মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারপার্সন পবন খেড়া এবং বিজেপির এম নাগরাজা এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কর্নাটক থেকে সংসদের উচ্চকক্ষে যাচ্ছেন।
এর আগে ২০২০ সালের জুন মাসে কর্নাটক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে। তাঁর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস-এর প্রতিষ্ঠাতা-প্রধান এইচডি দেবগৌড়া এবং বিজেপির এরান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাও রাজ্যসভায় বিনা ভোটে নির্বাচিত হয়েছিলেন। আগামী ২৫ জুন তাঁদের মেয়াদ শেষ হচ্ছে।
চারটি আসনে জন্য আগামী ১৮ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এক নির্দল প্রার্থী-সহ মনোনয়ন জমা দিয়েছিলেন মোট পাঁচ জন। বৃহস্পতিবার অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। ফলে কর্নাটকের শাসকদল কংগ্রেসের তিন এবং বিজেপির এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
