বর্ষা আগমনের প্রস্তুতি, শুক্রবারও বৃষ্টি কলকাতায় 

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব
শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যজুড়ে মেঘলা আকাশের পাশাপাশি বিকেল এবং সন্ধ্যায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা বর্ষার পুরোপুরি আগমনের ক্ষেত্রে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
শুক্রবার দিনের আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণের সাত জেলায় চলতে পারে ঝড়ের তাণ্ডব। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণের বাকি জেলাগুলিতে শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে।
ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।