
২০২৬ বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক দেশ কানাডা। দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আলফন্সো ডেভিস চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না বায়ার্ন মিউনিখ তারকার।
কানাডার প্রধান কোচ জেসে মার্স সংবাদ সম্মেলনে জানিয়েছেন,ডেভিসের শেষ এমআরআই রিপোর্টে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও তিনি এখনো একশো ভাগ ফিট নন। গত কয়েকদিন ধরে অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এতে করে প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকরা।অন্যদিকে, বিশ্বকাপে বড়সড় ধাক্কা খেয়েছে জাপান জাতীয় দল।নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ এফ-এর হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার মাত্র তিন দিন আগে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক ওয়াতারু এন্দো।চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি ৩৩ বছর বয়সী লিভারপুলের এই মিডফিল্ডার আন্তর্জাতিক ফুটবল থেকেও তাৎক্ষণিক অবসরের ঘোষণা করেছেন।চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিভারপুলের হয়ে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন এন্দো, যার জন্য তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
প্রাথমিক ধকল কাটিয়ে বিশ্বকাপ দলের ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেলেও শেষরক্ষা হলো না।চোটের কারণে কাওরু মিতোমা এবং তাকুমি মিনামিনোর মতো তারকাদের অনুপস্থিতি আগেই নিশ্চিত হয়েছিল, এবার সেই তালিকায় যুক্ত হলেন অধিনায়ক নিজেই।
