
যশরাজ ফিল্মসের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সের ভিড়ে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন আলিয়া ভাট।মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরিয়েছেন যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের আলফা মেল’রাও।
আলফা ওম্যান অবতারে শত্রুনিধন করবেন নায়িকা সেখবর পাওয়া গিয়েছিল চব্বিশ সালেই। হলিউড সিনেমা হার্ট অফ স্টোন-এর পর ফের রাফ অ্যান্ড টাফ ভূমিকায়। সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেলেছেন আলিয়া ভাট। তবে এক্ষেত্রে একশো শতাংশই ইতিবাচক প্রতিক্রিয়া নয়, বরং অভিযোগহুবহু ফরাসি ছবি থেকে টোকা আলিয়ার আলফা।তবুও অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খানের মতো তাবড় তারকারা আলিয়ার আলফা ম্যাজিকে একেবারে মন্ত্রমুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় মুড়িয়ে দিয়েছেন অভিনেত্রীকে। রণবীর সিং অভিনীত ধুরন্ধর-এর দুটি পর্বের দুর্দান্ত সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় সহঅভিনেতাদের এমন গুণমুগ্ধ হতে দেখা যায়নি। অথচ আলফার ঝলক প্রকাশ্যে আসতেই উপচে উঠেছে ভালোবাসার বন্যা। নেটভুবনে যখন তারকাদের শুভেচ্ছাবার্তার ঢল তখনই জমে উঠেছে আলফা ভার্সেস ধুরন্ধর -এর লড়াই। রণবীর সিং অভিনীত এই ছবির দুটি পর্বের দুর্দান্ত সাফল্যের পরও কেন ইন্ডাস্ট্রির বড়মাপের তারকারা তাঁর প্রশংসা করলেন না?
সেসময় তাঁরা কেন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন? এমনই সব প্রশ্নে সরব নেটপাড়া। ভারতের গণ্ডি ছাড়িয়ে ধুরন্ধুর যখন বিদেশের মাটিতেও দাপিয়ে ব্যবসা করেছে তখনও সোশাল মিডিয়ায় কোনও অভিনন্দন পোস্ট বা প্রতিক্রিয়া দেখা যায়নি। দ্বিচারিতার অভিযোগে কটাক্ষের শিকার বিগ থেকে কিং খানের মতো সেলেবরা।
