
হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসা ভারতীয় নাবিকদের বহনকারী জাহাজে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান।
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে দাবি করেছে, এই অভিযোগের মাধ্যমে ওয়াশিংটন সাম্প্রতিক ঘটনাগুলি থেকে আন্তর্জাতিক নজর ঘোরানোর চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে অভিযোগ করেছেন, হরমুজ প্রণালী ছেড়ে যাওয়া ভারতীয় জাহাজগুলির বিরুদ্ধে ইরান ড্রোন হামলার চেষ্টা চালিয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।
তিনি এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন এবং তেহরানকে সতর্কবার্তাও দেন। এর জবাবে ইরানের দূতাবাস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই অভিযোগের কোনও ভিত্তি নেই। দূতাবাসের বক্তব্য, গত এক সপ্তাহে ভারতীয় নাবিকদের বহনকারী তিনটি জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। সেই ঘটনাগুলি থেকে মনোযোগ সরাতেই নতুন করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।
