
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের লাগাতার সামরিক হামলা এখন তুরস্কের নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের এই আগ্রাসন এখন পুরো বিশ্বের জন্যই একটি বড় হুমকি এবং এটি এখনই বন্ধ করা অত্যন্ত জরুরি।
তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেছেন এরদোয়ান। এদিকে ন্যাটো জোটের সদস্য দেশ তুরস্ক শুরু থেকেই ইরান, গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে আসছে। আঙ্কারার মতে, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েলই এখন সবচেয়ে বড় বাধা। ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে তুরস্ক এবং আন্তর্জাতিক আদালতে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। পার্লামেন্টে নিজের দল একে পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেছেন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার খুনি চক্র যে হামলা চালাচ্ছে, তা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন তুরস্ককেও হুমকির মুখে ফেলছে।
তিনি আরো যোগ করেছেন, আঙ্কারার নিজস্ব নিরাপত্তা এই দুই দেশের নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইসরায়েল আফ্রিকার দেশগুলোকে অস্থিতিশীল করার জন্য একটি গোপন প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাস দ্বীপে বিভেদের আগুন জ্বালিয়ে তারা ভূমধ্যসাগরীয় অঞ্চলেও অস্থিরতা তৈরি করতে চাইছে। কারো নাম উল্লেখ না করে এরদোয়ান কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন,‘কারো কোনো ধরনের দুঃসাহস দেখানো উচিত হবে না।
