
এবার ডবল ইঞ্জিন সরকারের আসল সুফল পাবেন পাহাড়ের মানুষ। কেন্দ্রের সমস্ত থমকে থাকা প্রকল্প এবার পাহাড়ে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। কার্শিয়াঙ-র জনসভা থেকে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পাহাড়কে বিজেপির অত্যন্ত পুরনো ও বিশ্বস্ত সঙ্গী হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড়বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতেই তাঁর সরকার বদ্ধপরিকর। পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, পাহাড়ে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে কালিম্পঙে একটি নতুন মেডিক্যাল কলেজ করা হবে। এর পাশাপাশি পাহাড়ের শিক্ষা পরিকাঠামোকেও আমূল বদলে ফেলা হবে। রাজ্যের সাড়ে ৬ কোটি মানুষ এবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। পাশাপাশি জিআরএমজি প্রকল্পের অধীনে বছরে ১২৫ দিনের কাজের বড় সুযোগ মিলবে পাহাড়ে।
পাহাড়ের যুবসমাজের সুবিধার্থে খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করা হবে। এছাড়া পাহাড়ে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সরকারি ভর্তুকিও আগের মতোই বজায় থাকবে।
