ভাঙড় বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত সওকত

0
37
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় সওকত মোল্লাকে আগেই গ্রেফতার করেছে এনআইএ। ৮৭ দিনের মাথায় আদালতে জমা দেওয়া চার্জশিটে ধৃত তৃণমূল নেতার নাম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা।
পাশাপাশি সওকত মোল্লা অত্যন্ত প্রভাবশালী। ভাঙড় বিস্ফোরণ মামলায় ধৃত অন্য অভিযুক্তদের নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্সি ছাড়া অন্য কোনও সংশোধনাগারে রাখা হোক ধৃত তৃণমূল নেতাকে— মঙ্গলবার আদালতের সামনে এমনই আর্জি রেখেছে এনআইএ। তাদের এই দাবি এবং অভিযোগ উড়িয়ে দিয়েছেন ধৃতের আইনজীবী। তাঁর অভিযোগ, গোটাটাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। চার্জশিটে নাম রয়েছে প্রাক্তন বিধায়ক এবং ২০২৬ সালে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকতেরও। এ ছাড়া ধৃত আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলি মোল্লার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে সকলের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতা নগর দায়রা আদালতে এনআইএ দাবি করেছে, পরিকল্পনামাফিক এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত মার্চ মাসে দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের পরে গ্রেফতার হন আহিদুল। আগামী ১৯ জুন পর্যন্ত সওকত মোল্লা-র এনআইএ হেফাজতের নির্দেশ থাকলেও মঙ্গলবার তাঁকে আগাম হাজির করানো হয় আদালতে।
এ বার বিচারবিভাগীয় হেফাজতের আবেদন জানানো হয়েছে। আদালতে আনার সময় সওকতকে লক্ষ্য করে কাঁচা ডিম ছোড়েন কয়েক জন। ওঠে মাছচোর-মাছচোর স্লোগান।