
বর্তমানে ভারতের শিক্ষাব্যবস্থা একটা তোলাবাজির মঞ্চ হয়ে গিয়েছে। রাজস্থানের কোটায় পড়ুয়াদের হুঙ্কার সভায় এমনই দাবি করেছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিট-ইউজির প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলনের অংশ হিসাবে রাজস্থানের কোটার একটি ওপেন থিয়েটারে পড়ুয়া সম্মেলনের আয়োজন করে কংগ্রেস।
ওই সভায় কয়েক হাজার পড়ুয়া ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চমকপ্রদভাবে ওই সভায় রাহুলের এন্ট্রি হয় রীতিমতো সুপারস্টারের মতো। বড় জায়ান্ট স্ক্রিনের সামনে খোলা মঞ্চ সাজানো হয়েছিল। সেই মঞ্চে রাহুলের এন্ট্রির সঙ্গে সঙ্গে শুরু লাইট অ্যান্ড সাউন্ড শো। উপস্থিত পড়ুয়ারাও ফোনের ফ্ল্যাশ জ্বেলে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতাকে।
ওই মঞ্চে রাহুল বলেছেন, এখানে ৩ হাজার পড়ুয়া রয়েছে। এই ৩ হাজার জনের মধ্যে মাত্র এক জন আইএএস অফিসার হবে। ৩০ জন আইআইটি-তে ভর্তির সুযোগ পাবে। আর মাত্র ১৮০ জন ডাক্তার হবে। কিন্তু বাকিরা? ভারতের শিক্ষা ব্যবস্থা আসলে বাছাই করার পদ্ধতি’ নয়, বরং বাদ দেওয়ার পদ্ধতি এটা সিস্টেম অফ রিজেকশন। বিরোধী দলনেতা বলছেন, একসঙ্গে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে, যেন দেশের কোনও পড়ুয়া কখনও এমন পরিস্থিতিতে না পড়ে, যেখানে তাকে আত্মহত্যা করার কথা ভাবতে হতে পারে।
