মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে সোনার বোমা

0
23
ছবি সৌজন্যে :ফেসবুক

নারীবিদ্বেষী গান গাওয়ায় মাসখানেক আগেই বাদশাকে দায়িত্ববান শিল্পী হওয়ার পাঠ দিয়ে তোপ দেগেছিলেন সোনা মহাপাত্র। প্রশ্ন ছুড়েছিলেন, নারীরা কি শুধুই ভোগ্যপণ্য? এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরুষ শিল্পীদের দাপট নিয়ে বোমা ফাটালেন গায়িকা। সোনা বরাবরই স্পষ্টভাষী। খুল্লমখুল্লা নিজেকে আদ্যোন্ত নারীবাদী আখ্যা দিতেও পিছপা হন না তিনি।

এবার অরিজিৎ সিংয়ের গানে আপত্তি তুলে পুরুষতান্ত্রিক মিউজিক ইন্ডাস্ট্রিকে একহাত নিলেন সোনা মহাপাত্র।যদিও চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক দুনিয়াকে আলবিদা জানিয়েছেন অরিজিৎ। এদিকে সিনেদুনিয়া হোক কিংবা যে কোনও রাজনৈতিক ইস্যু, সোজাসাপটা কথা বলতে কাউকে রেয়াত করেন না গায়িকা সোনা। এবার সঙ্গীতদুনিয়ায় লিঙ্গবৈষম্যের সমালোচনা করে ফের চর্চায় সোনা মহাপাত্র। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বলিউডি সঙ্গীত নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করছিলেন তিনি।সেখানেই পুরুষ গায়কদেরই একচ্ছত্র আধিপত্যের কথা জানিয়ে বোমা ফাটান সোনা। গায়িকার কথায়, বলিউডের সব বিরহের গান তো পুরুষদের জন্যই বরাদ্দ। যেন মনে হয়, শুধু পুরুষরাই প্রেমে পড়ে বা ওদের হৃদয়ই ভাঙে। কারণ, যখনই তাঁকে কোনও দ্বৈত গান গাওয়ার জন্য ডাকা হয়েছে, দেখেছেন গানের শেষের দিকের অংশ বা কোরাসটিই তাঁর ভাগে পড়েছে। এরপরই শাহরুখ খান অভিনীত রইস সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে অরিজিৎ সিংয়ের গান নিয়ে আপত্তি তোলেন তিনি। সোনা মহাপাত্রের মন্তব্য, আপনারা নিশ্চয়ই অরিজিৎ সিংয়ের গাওয়া জালিমা গানটি শুনেছেন। এই গান গাওয়ার জন্য তাঁর কাছেও প্রস্তাব এসেছিল এবং তিনি অবাক হয়ে গিয়েছিলেন ওদের কথা শুনে। কেন, সোনা নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। গায়িকা বলছেন, কারণ গানের মুখরা, অন্তরা- সবটাই অরিজিৎ গেয়েছেন। এতে অবশ্য অরিজিৎ সিংয়ের কোনও দোষ নেই। অরিজিৎ অসাধারণ একজন শিল্পী। কিন্তু সোনার প্রশ্ন,গানে নারী কণ্ঠ কেন একেবারে শেষে আসবে? প্রীতমের কাছে প্রশ্ন রেখেছিলেন, এটা কেমন ডুয়েট গান? শুনে মনে হচ্ছে, পুরুষটি নিজেই নিজের সঙ্গে প্রেম করছে, আমার অংশ কেন শেষে আসবে? আসলে সিনেদুনিয়ার মতো সঙ্গীতজগতেও পুরুষশিল্পীদের একচেটিয়া আধিপত্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কখনও গায়কদের বেশি সুযোগ-সুবিধে দেওয়ার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন শিল্পীরা তো কখনও বা আবার আলোচনা-সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বেতন বৈষম্য।

এবার সেপ্রসঙ্গেই সুর চড়ালেন সোনা মহাপাত্র।সম্প্রতি কেরলে আয়োজিত এমবিআই ফেস্টিভ্যাল অফ লেটারস-এ যোগ দিয়েছিলেন গায়িকা। সেখানেই সঙ্গীতদুনিয়ায় পুরুষ শিল্পীদের একচেটিয়া আধিপত্য বজায় রাখার বিষয়ে মুখ খুলেছেন সোনা মহাপাত্র।