বিঠাবাই হয়ে চমকে দিলেন শ্রদ্ধা

0
45
ছবি সৌজন্যে : এক্স

শ্রদ্ধা কাপুরকে বলিউডে একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও শীর্ষ নায়িকাদের আলোচনায় সব সময় খুব বেশি দেখা যায় না। তবে নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টায় কখনো পিছিয়ে যাননি তিনি।বরং সময়ের সঙ্গে নিজেকে ভেঙে গড়ে ভিন্নধর্মী চরিত্রে হাজির হওয়ার প্রবণতাই তাঁকে আলাদা করেছে।

সেই ধারাবাহিকতায় এবার কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের চরিত্রে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।নির্মাতা লক্ষ্মণ উতেকারের নতুন সিনেমা,ইথা-তে বিঠাবাইয়ের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে। সম্প্রতি প্রকাশিত টিজারে শ্রদ্ধার রূপান্তরিত উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছে।চরিত্রটির প্রতি তাঁর নিবেদন ও অভিনয়ের গভীরতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। বলা হয়েছে, টিজারে বিঠাবাইয়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আভাস তুলে ধরা হয়েছে।সেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা অবস্থাতেও মঞ্চে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। প্রসববেদনায় কাতর হওয়ার পর মঞ্চের পেছনেই সন্তানের জন্ম দেন, কিন্তু সেখানেই থেমে থাকেন না।কিছুক্ষণ পরই আবার মঞ্চে ফিরে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যান।

শিল্পের প্রতি এমন অসাধারণ নিবেদন টিজারের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে উঠেছে।এই দৃশ্য শুধু দর্শকদের আবেগাপ্লুতই করেনি, বরং বিঠাবাইয়ের জীবন ও সংগ্রাম সম্পর্কে জানার আগ্রহও বাড়িয়ে দিয়েছে। নির্মাতাদের বিশ্বাস, দর্শকদের এই কৌতূহল সিনেমাটির প্রতি আগ্রহ আরো বাড়াবে।উল্লেখ্য,মারাঠি লোকনাট্যের ইতিহাসে বিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকর এক কিংবদন্তি নাম।