
ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম। এক ভাষণে তিনি আরও বলেছেন, ইসরায়েল শুধু মিসাইলের কারণে লেবাননে আসেনি।
তারা মূলত লেবাননকে পুরোপুরি গিলে খেতে এবং দখল করতে চায়। এদিকে ইরান বলেছে আমেরিকা যদি ইসরায়েলি বিমানকে থামাতে না পারে, তবে তারা এর কঠিন জবাব দেবে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে। তারা বলেছে, কিছু প্রতিবেশী দেশের আকাশে সামরিক বিমানের আনাগোনা খুবই বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি বলে মনে করে। ইরানের বার্তা সংস্থায় প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইরান চুপ থাকবে না। ইরান নিজের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং এই বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার তাদের আছে।
