
গরমে পুড়ছে দিল্লি-সহ উত্তর ভারত। সপ্তাহান্তে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু মৌসুমি বায়ু শক্তিশালী না হলে পর্যাপ্ত বৃষ্টি হবে কি না, তা ঘিরেও সংশয় তৈরি হয়েছে। দিল্লিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি থাকছে যে অস্বস্তির সূচক চরম মাত্রায় পৌঁছেছে। ফলে অনুভূত তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসের মতো মনে হচ্ছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি থাকবে বলেও জানিয়েছে মৌসম ভবন। দেশে বর্ষা ঢুকে গিয়েছে অনেক আগেই। কিন্তু তার পরেও বেশির ভাগ অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। কোনও কোনও অঞ্চলে বৃষ্টির দেখাও মিলছে না।
