
দক্ষিণ ভারতের প্রধান আইটি হাব হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। আর এই সম্মান পেয়ে আপ্লুত ট্রাম্প স্বয়ং।
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ভারতের বুকে এই ধরনের সম্মান পাওয়ার পর ভারতকে মন থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তেলঙ্গানা সরকার হায়দরাবাদের নবনির্মিত মার্কিন কনসুলেট বা দূতাবাস সংলগ্ন রাস্তাটির নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ভারতের হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ , ইতিহাসে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টকে এইভাবে সম্মানিত করা হল। আপনাদের ধন্যবাদ। নিজের বার্তার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিশেষ মুহূর্তের একটি ছবিও শেয়ার করেছেন, যেখানে চলতি সপ্তাহের শুরুর দিকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই রাস্তার নামফলক বা ফলকটি ওপেন করা হচ্ছে। হায়দরাবাদের এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমাক এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
তাঁরা দুজনে মিলেই এই নামফলকটি ওপেন করেন, যা ভারত ও আমেরিকার বন্ধুত্বের এক নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তার ভৌগোলিক অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে রাস্তাটির নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ রাখা হয়েছে, তা কেবল মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত নয়, বরং সেটি হায়দরাবাদের বিখ্যাত আইটি করিডোরের একেবারে কেন্দ্রস্থলে। বিশ্বের প্রথম সারির মার্কিন প্রযুক্তি জায়ান্ট যেমন মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজন- এর প্রধান ভারতীয় অফিসগুলো এই রাস্তার একেবারে ঢিল ছোঁড়া দূরত্বেই রয়েছে।
