মেঘ ভাঙা বৃষ্টিতে অরুণাচলে মৃত ৩, বাঁধ ভেঙে বিপত্তি অসমে 

0
20
ছবি সৌজন্যে : এক্স

আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের ভয়াবহ ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বৃষ্টি ও অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। জানা যাচ্ছে এর মধ্যে প্রায় ৩ জন মারা গিয়েছে। 

সূত্রের খবর, একটি উদ্ধারকারী নৌকা স্রোতে ভেসে যাওয়ায় অন্তত ৯ জন নিখোঁজ হয়েছেন। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের একাধিক এলাকা প্লাবিত। এর সঙ্গে বাড়তি  বিপদ বাড়িয়েছে ভূমিধস। যার জেরে একাধিক জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে গিয়ে ভেসে যাওয়া নৌকায় স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিও ছিলেন।

জানা যাচ্ছে, বড়সড় ক্ষতি হয়েছে পাসিঘাট–রুনে–টাকিলালুগ সংযোগকারী রাস্তায়। পাশাপাশি জাতীয় সড়ক ১৩’র কয়েকটি অংশে ভূমিধস, পাথর গড়িয়ে পড়া এবং ধসের কারণে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে, টানা বৃষ্টিতে সিমেন নদীর জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের একটি রেল সেতু। সিমেন চাপারির একটি রেলসেতুর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে সেটি ধসে পড়ায় অসমের জোনাইয়ের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অরুণাচল প্রদেশের মতো অসমেও আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।