
সাতসকালে অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের নয়ডায়। সোমবার সকালে নয়ডার সেক্টর ১১৯-এর এক আবাসনের ২১ তলার ফ্ল্যাটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে ওই আবাসনের ওই তলার একাংশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-তে বিস্ফোরণের পরে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় আবাসনের বাসিন্দাদের মধ্যে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় দমকল। দমকলের দ্রুত পদক্ষেপের ফলে আগুন অন্য ফ্ল্যাটে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়। এ ছাড়া বাসিন্দারাও সচেতন ভাবে সঠিক সময়ে বাইরে বেরিয়ে আসায় আরও বড় বিপদ এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর সামনে আসেনি। তবে আগুনে ফ্ল্যাটের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। এ ছাড়া এসির প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না তাও পরীক্ষা করা হচ্ছে।
