
নিউরো, কার্ডিওলজি বিশেষজ্ঞ বলে পরিচয় দেওয়া হত হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসকদের। ডাক্তারদের বদলে প্রেসক্রিপশন লিখতেন পড়ুয়ারা।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-র বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। একইসঙ্গে একসময় এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন চিকিৎসকও একাধিক অনিয়মের অভিযোগ তুলেছেন। রাজ্য সরকারের পাশাপাশি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। যাঁরা মডার্ন মেডিসিন প্র্যাকটিস করেন ওখানে তাঁদের খুব একটা ভূমিকা ছিল না। অভিযোগ বেনামি কোম্পানির ওষুধ দেওয়া হত রোগীদের। আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। ডায়মণ্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সহ রাজ্যের বিভিন্ন জেলায় সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে মডেল হিসেবে তুলে ধরতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার পাল্টানোর পরেই এই কর্মসূচিকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে এসেছে।
