শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে 

0
14
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। কলকাতায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির দাপট থাকতে পারে। তবে তার পরেও দুর্যোগ চলবে। শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। তবে রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার। এ ছাড়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ‌ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে রবিবার। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। তা রবিবারের পরেও চলতে পারে।

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। শুক্রবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি।