
প্রবল বৃষ্টি নামতেই বিপর্যয় মুম্বইতে। একের পর এক মৃত্যুর খবর। রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে বা গর্তে পড়ে প্রাণহানির ঘটনার পর এবার লাগাতার বৃষ্টিতে আস্ত বহুতল ভেঙে পড়েছে। বহুতলের নীচে চাপা পড়ে মৃত্য়ু হয়েছে কমপক্ষে ছয়জনের। আহত একজন।
মহারাষ্ট্রের মুম্বইতে রবিবার রাতে একটি তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে পড়েন। এদের মধ্যে অধিকাংশই ওই বাড়ির বাসিন্দা। তারা নৈশভোজ করছিলেন, আচমকাই বিল্ডিংটি ভেঙে পড়ে।
মুম্বইয়ের মানখুর্দ এলাকার জন্তানগরে বাড়ি ভেঙে পড়া খবর পাওয়ার পরই উদ্ধারকাজে আসে দমকল। ডাকা হয় এনডিআরএফ-কেও। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালানোর পর আটকে থাকা অনেকজনকে উদ্ধার করা হয়। তিন-চারটি ঘর ভেঙে পড়েছে বলেই জানা গিয়েছে। প্রবল বৃষ্টি ও ধসের জেরে পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বিকল্প রাস্তাগুলিও জলমগ্ন হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বই-পুনে সড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।
